ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঈদ শেষে দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এসময় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। রবিবার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় ফেরিঘাট এলাকায়।এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা।


জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রবিবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন। ফলে প্রতিটি ফেরিতে গা ঘেষাঘেষি করে পার হচ্ছেন যাত্রী ও যানবাহন।


যাত্রী আলম মিয়া জানান, তিনি পরিবার নিয়ে বাড়িতে এসেছিলেন। রবিবার থেকে অফিস খোলা। তাই ঢাকায় যাচ্ছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে ঘাট পর্যন্ত এসেছেন মাহেন্দ্রা ও অটোরিকশায়। আরেক যাত্রী হান্নান শেখ জানান, চাপ বাড়ার আগে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু ঘাটে মানুষের চাপ রয়েছে।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চাপ আরও বাড়বে বলে ধারণা করছি। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑